সিলেটে পাঁচ গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৫ বছর বয়সেও লোকগান গেয়ে মুগ্ধ করে চলেছেন অগণিত শ্রোতাদের। তিনি হলেন সিলেটের প্রখ্যাত শিল্পী সুষমা দাস। গতকাল রোববার সন্ধ্যায় লোকগানে অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হলো ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫’। তিনি ছাড়া আরও চারজন পেয়েছেন এই সম্মাননা।
সুষমা দাস ছাড়াও সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন ভবতোষ রায় বর্মণ (নাট্যকলা), আবদুল মজিদ সরকার (কণ্ঠসংগীত), চন্দ্রা দেবী (নৃত্যকলা) ও পান্না দাস (যন্ত্রশিল্পী)।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী ও নাজনীন হোসেন বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশজ শিল্প-সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে গুণীজনদের সম্মাননা দেওয়ার রেওয়াজ শিল্পকলা একাডেমি চালু করেছে। এ দেশের আবহমান সংস্কৃতির চর্চা ও লালন করেন যেসব শিল্পী, তাঁদের মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যেই এ সম্মাননার চালু। পাঁচ গুণীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়।