সিলেটে পাঁচ মিনিটে ১৫ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সোবহানীঘাটে প্রায় পাঁচ মিনিট সময়ের মধ্যে ভাঙচুর হয়েছে যাত্রীবাহী ভলবো বাসসহ ১৫টি গাড়ি। গতকাল শনিবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অবস্থান নিলেও ভাঙচুরে অংশ নেওয়া কাউকে আটক করতে পারেনি।সোবহানীঘাট এলাকায় গতকাল বেলা আড়াইটায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিচ্ছিলেন মাইক্রোবাসের চালক সাইফুল আলমসহ আরও কয়েকজন গাড়ির চালক। সাইফুল আলম জানান, হঠাৎ করে হকিস্টিক আর রড নিয়ে গাড়িগুলো ভাঙচুর শুরু করে মোটরসাইকেল আরোহী ২০ থেকে ২৫ জন যুবক। মুহূর্তের মধ্যে ওই যুবকেরা পাশের সড়ক দিয়ে চলাচল করা চারটি মিনিবাস, দুটি ট্রাক, আটটি গ্যাসচালিত অটোরিকশাসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েও ভাঙচুরে অংশ নেওয়া কাউকে পায়নি। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস ও পাঁচটি অটোরিকশা ভাঙচুর হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে আসা ওই যুবকেরা নাইওরপুল এলাকা দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের ফটকের সামনে থাকা আরেকটি অটোরিকশাও ভাঙচুর করে। হানিফ এন্টারপ্রাইজের গাড়িচালক দুলাল আহমদ জানান, গাড়িতে কোনো যাত্রী ছিল না। দাঁড় করিয়ে রাখার সময় গাড়ির সব কটি জানালা ও সামনের কাচ হকিস্টিক ও রড দিয়ে ভাঙচুর করে যুবকেরা পালিয়ে যায়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের ধারণা হরতাল সমর্থনকারীরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, সোবহানীঘাট এলাকায় গাড়ি ভাঙচুর চলাকালে বিএনপি হরতালের সমর্থনে র্যা ব-পুলিশের প্রহরায় নগরে শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করছিল। বিএনপি বা ছাত্রদলের কেউ ভাঙচুরে ছিল না।’পুলিশ প্রহরায় মিছিল-সমাবেশ: খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ এনে এবং এর প্রতিবাদে গতকাল দুপুরে নগরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় পুলিশ ও র্যা ব কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থল ঘিরে রাখে। দুপুর ১২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়। নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ দিলদার হোসেন, মহানগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে নেত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করার পরিণতি ভালো হবে না।’আম্বরখানায় সড়ক অবরোধ: একই সময় সিলেট নগরের আম্বরখানায় বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভকালে আম্বরখানা মোড় থেকে বিমানবন্দর সড়ক দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে এক সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান, নগর ছাত্রদলের নেতা সাঈদ আহমদ, রেজাউল করিম, আনোয়ার হোসেন, ইমরানুল হক প্রমুখ বক্তৃতা করেন।