সিলেটে পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস উদ্গিরণ
সিলেট নগরের জিন্দাবাজার ও আম্বরখানায় গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার বিকেলে জালালাবাদ গ্যাসের পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস উদিগরণের ঘটনা ঘটেছে। তাত্ক্ষণিক দমকল ও গ্যাস কর্তৃপক্ষ পাইপ লাইনের ছিদ্র বন্ধ করে উদিগরণ নিয়ন্ত্রণ করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ঝড়ের পর জিন্দাবাজারের একটি রেস্তোরাঁর গ্যাস সংযোগ লাইনে পানি ঢুকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস উদিগরন শুরু হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত দুইটার দিকে জালালাবাদ গ্যাসের একদল কর্মী পাইপলাইনের ছিদ্র বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।গতকাল বিকেল তিনটার দিকে প্রায় একই রকম দুর্ঘটনা ঘটে আম্বরখানা বড়বাজার এলাকার গ্যাসলাইনে। খবর পেয়ে দমকল, গ্যাস ও বিদ্যুৎ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আম্বরখানা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন। পরে গ্যাসের পাইপলাইনের ছিদ্র বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। জালালাবাদ গ্যাসের কারিগরি কর্মকর্তা মাহতাব আহমদ জানান, গ্যাসের পাইপলাইন পুরোনো হওয়ায় এ ঘটনা ঘটেছে।