সিলেটে পাথর উত্তোলনের অবৈধ যন্ত্র ধ্বংস
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় ফের অবৈধভাবে পাথর উত্তোলন শুরু হওয়ায় গত রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান চালিয়েছে প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
অভিযানে ২০টি অবৈধ পাথর উত্তোলন যন্ত্র ‘বোমা মেশিন’, পাথর উত্তোলনে টিলা এলাকায় ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে। পাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকের চাকা ফুটো করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চলে। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০টি বোমা মেশিন ও শ্যালো মেশিন টিলা এলাকাতেই ধ্বংস করা হয়েছে। এ যন্ত্রগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ছাড়া দুটি ট্রাক্টরের চাকা ফুটো করে অকেজো করা হয়।
সরকারি খাসখতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা। বড় বড় পাথরখণ্ডের এ টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করছে সংঘবদ্ধ পাথরখেকো একটি চক্র। টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্ত ধসে নিহত হন আরেক শ্রমিক। এরপর ২ মার্চ তৃতীয় দুর্ঘটনায় ইয়াকুব আলী নামের একজন পাথর ব্যবসায়ী নিহত হন।
অবৈধভাবে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত হওয়ার কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন টিলা কাটা বন্ধ করে দিয়ে ওই এলাকায় সর্বসাধারণের যাতায়াত নিয়ন্ত্রিত করে। এরপরও নানা কৌশলে লুকিয়ে টিলা কাটা চললেও উপজেলা প্রশাসনও অভিযান অব্যাহত রাখে। সর্বশেষ গত বৃহস্পতিবার টিলা এলাকায় পাথর উত্তোলনের সময় গর্ত ধসে মোস্তাকিন মিয়া নামের এক শ্রমিক মারা যান।
সর্বশেষ শ্রমিক নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ আবুল লাইছ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঘটনাটি টিলা এলাকার বাইরে ছিল। গর্ত ধসে না ট্রলি থেকে পড়ে মারা গেছেন—এ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।