সিলেটের পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা পাথর ভাঙার কল (স্টোন ক্রাশার মিল) কেন অবৈধ ঘোষণা করা হবে না¬—মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
সিলেটে যত্রতত্র পাথর ভাঙার কল স্থাপন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
বেলা সিলেট অঞ্চলের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানান, সিলেট সদর উপজেলাসহ কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলায় যত্রতত্র পাথর ভাঙার কল স্থাপন করা হয়েছে। এ কলগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও স্থানীয় প্রশাসন কোনো ধরনের নীতিমালা প্রয়োগ করেনি। অবৈধ এসব কল বন্ধে ব্যবস্থা নিতে এ বছরের শুরুতে বেলা হাইকোর্টে সিলেটের জেলা প্রশাসক, পাঁচ উপজেলার ইউএনও, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করে রিট করে। বেলার পক্ষে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
মিনহাজুল হক চৌধুরী জানান, পাথর ভাঙার কলগুলো অবৈধ এবং অননুমোদিতভাবে স্থাপিত হয়েছে। কলগুলোকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা বিবাদীদের কাছে জানতে চেয়ে আদালত রুল জারি করেন।