সিলেটে পাথরের টিলা ধসে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আরেফিন টিলা । ফাইল ছবি
শাহ আরেফিন টিলা । ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে পাথর সংগ্রহকালে আজ সোমবার টিলা ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা দুই শ্রমিক নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁদের নাম ও ঠিকানা জানা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, টিলায় গর্ত করে পাথর সংগ্রহ করা হয়। আজকেও পাথর সংগ্রহের জন্য টিলায় গর্ত করার কাজ চলছিল। সকাল ছয়টার দিকে টিলার একটি অংশ ধসে গর্তের কাছে পড়ে। এতে ছয়জন শ্রমিক মাটিচাপা পড়েন।

কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

স্থানীয় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের অভিযোগ, টিলা থেকে পাথর উত্তোলন করতে গত ছয় মাসে অন্তত আটবার টিলা ধসের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনা ধামাচাপা দেন পাথর উত্তোলনে নিয়োজিত প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা।

সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা। লালচে, বাদামি ও আঠালো মাটির এ টিলার নিচে রয়েছে বড় বড় পাথর খণ্ড। এসব পাথর উত্তোলন করতেই চলে টিলা কাটা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে জানা যায়, শাহ আরেফিন টিলার কিছু জমি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত নিয়ে প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের একটি পক্ষ ২০০৯ সাল থেকে টিলা কেটে পাথর উত্তোলন করছে। টিলা কাটা আইনত নিষিদ্ধ থাকায় বেলা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। এ কমিটি ৯৬ দশমিক ২৫ একর জায়গার ৭০ ভাগ টিলা কেটে ৬২ লাখ ৮৮ হাজার পাথর লুটপাটের তথ্য সংগ্রহ করেছিল। টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও শ্রমিকদের জীবন ঝুঁকির বিষয়টি নিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।