সিলেটে পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে ও ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ডুবে গতকাল শুক্রবার এক কিশোরসহ দুই ব্যক্তি মারা গেছেন। জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

পিয়াইন নদে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়া কিশোরের নাম সোহরাব আহমদ (১৫)। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে। সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নাছির আহমদের ছেলে।

সোহরাবের খালাতো ভাই সৈকত আহমদ জানান, গতকাল সকালে একটি বাসে করে তাঁরা ৫০ জন জাফলং বেড়াতে যান। সকালে পাঁচজন বন্ধুর সঙ্গে সোহরাব পিয়াইন নদে গোসলে নামে। সাঁতার কাটার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন। গোয়াইনঘাট থানার এসআই রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোহরাবের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী দিয়ে গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের হাসান আলী (২৫) রডবোঝাই নৌকা নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। রডের নিচে আটকা পড়ে হাসান নদীতে তলিয়ে যান। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবদুস সালেক জানান, একদল ডুবুরি নদীতে তল্লাশি চালিয়ে বিকেল চারটার দিকে হাসানের লাশ উদ্ধার করে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে পড়ে কাব্য নাহার (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। তার বাড়ি শহরের ব্রজাপুর এলাকায়। তার বাবার নাম অতুল বশনত। সে জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। দুপুর ১২টায় ওই ছাত্র তার বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের বালুচরে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। এ সময় সে পানিতে ফুটবল আনতে গিয়ে তলিয়ে যায়।