জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেটে গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গত বছরের চেয়ে এবার পাসের হার ২ দশমিক ০২ শতাংশ এবং জিপিএ-৫ ৯৪৬টি বেড়েছে। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৬ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘গত বছরের চেয়ে এবার সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে, তাই পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। শিক্ষার্থীরা প্রায় প্রতিটি বিষয়েই ভালো ফলাফল করেছে। ভবিষ্যতে এর চেয়েও ভালো ফল করার জন্য বোর্ড কর্তৃপক্ষ এখন থেকেই প্রচেষ্টা চালাবে।’
সব সূচকেই এগিয়ে: সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার সব সূচকেই শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ, গত বছর ছিল ৯১ দশমিক ৫৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৬ জন, গত বছর পেয়েছিল ৪ হাজার ১০ জন। গত বছর ছেলেদের পাসের হার ছিল ৯১ দশমিক ৩৮ শতাংশ, এবার ৯৩ দশমিক ৭৮ শতাংশে। গত বছর মেয়েদের পাসের হার ছিল ৯১ দশমিক ৫৭ শতাংশ, এবার ৯৩ দশমিক ৫৯ শতাংশ।
বোর্ডের শীর্ষে সিলেট জেলা: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলা রয়েছে। এর মধ্যে গত বছরের মতো এবারও শীর্ষে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলায় পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪২৯ জন। গত বছরের মতো এবারও দ্বিতীয় স্থান ধরে রেখেছে হবিগঞ্জ জেলা। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৮ জন।
গত বছর মৌলভীবাজার জেলা তৃতীয় অবস্থানে থাকলেও এবার সুনামগঞ্জ জেলা সে স্থান দখল করেছে। গত বছর সুনামগঞ্জ চতুর্থ স্থানে ছিল। সুনামগঞ্জে পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫২৬ জন। এবার চতুর্থ অবস্থানে থাকা মৌলভীবাজারে পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান জানান, চা-বাগান অধ্যুষিত হওয়ায় মৌলভীবাজারের এবং হাওরবেষ্টিত হওয়ায় সুনামগঞ্জের শিক্ষার্থীরা আশানুরূপ ভালো ফলাফল করতে পারে না। এটি কাটিয়ে উঠতে কয়েক বছর ধরেই শিক্ষা বোর্ড নানা ধরনের উদ্যোগ ও কর্মসূচি নিয়েছে। ভবিষ্যতে বোর্ডের গড় পাসের হার আরও ভালো করতে পিছিয়ে পড়া এসব জেলায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।