সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। এবার পাসের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৯০ হাজার ৬০০ জন। গতকাল বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, জেএসসি পরীক্ষা প্রবর্তনের পর থেকে ধাপে ধাপে ফল ভালো হয়েছে। সামগ্রিক বিবেচনায় এ বছরের ফল খুবই ইতিবাচক।সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১১ সালে পাসের হার ৮৩ দশমিক ৩৪ ছিল। জিপিএ-৫ পেয়েছিল ৭৪৮ জন শিক্ষার্থী। এবার পাসের হার বেড়ে হয়েছে ৯০ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। ৬৯৮ জন ছাত্র ও ৬৬৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীন গত বছর ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়ে দাঁড়িয়েছে ১৫৯টিতে। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান: ফলাফলের ভিত্তিতে সিলেট বোর্ডে প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের অবস্থান তৃতীয়। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ থেকে পর্যায়ক্রমে রয়েছে ব্লু-বার্ড হাইস্কুল, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, সিলেটের স্কলার্সহোম, বর্ডার গার্ড পাবলিক স্কুল, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, সিলেটের হজরত শাহ পরান উচ্চবিদ্যালয়, শাহজালাল জামেয়া হাইস্কুল, আল-আমিন জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের আলী আমজদ সরকারি উচ্চবিদ্যালয়, সিলেটের দি এইডেড হাইস্কুল, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল এবং মৌলভীবাজারের জুড়ি হাইস্কুল।