প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) সিলেট জেলায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে শীর্ষে গোলাপগঞ্জ আর জিপিএ-৫-এর দিক থেকে সেরা সিলেট সদর উপজেলা। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায়ও এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ওই দুই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পিইসিতে এবার গড় পাসের হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। গতবারের চেয়ে যা ১ দশমিক ১৩ শতাংশ বেশি। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৫৫ জন। গতবারের চেয়ে এবার ৭৪ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩৬ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন।
গতকাল ফলাফলের তথ্য ঘেঁটে দেখা গেছে, পিইসি পরীক্ষায় জেলায় মোট ৭৬ হাজার ৪৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৪ হাজার ৭৮৫ জন। জেলার ১২টি উপজেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে ওপরে গোলাপগঞ্জ। এ উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৬৩ শতাংশ। তবে জিপিএ-৫-এর ভিত্তিতে এ উপজেলার অবস্থান দ্বিতীয়। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬ জন।
পাসের হারের দিক থেকে জৈন্তাপুর উপজেলা দ্বিতীয় অবস্থানে। এখানে পাসের হার ৯৯ দশমিক ৫১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। পাসের হারের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। এ উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। পাসের হারে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ সুরমা উপজেলা। এ উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন শিক্ষার্থী। পঞ্চম অবস্থানে রয়েছে জকিগঞ্জ। এ উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন শিক্ষার্থী। ষষ্ঠ অবস্থানে থাকা বিশ্বনাথ উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। সপ্তম অবস্থানে থাকা কানাইঘাট উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।
পাসের হারের দিক দিয়ে অষ্টম অবস্থানে থাকলেও সিলেট সদর উপজেলার সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ উপজেলা থেকে ১ হাজার ১৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ০৭ শতাংশ। নবম অবস্থানে থাকা কোম্পানীগঞ্জ উপজেলায় পাসের হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন শিক্ষার্থী। পাসের হারের দিক দিয়ে দশম অবস্থানে থাকা বিয়ানীবাজার উপজেলায় পাসের হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন। ১১তম স্থানে থাকা বালাগঞ্জ উপজেলায় পাসের হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন শিক্ষার্থী। জেলার গোয়াইনঘাট উপজেলা সবচেয়ে নিচে অবস্থান করছে। এখানে পাসের হার ৯৪ দশমিক ১৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন শিক্ষার্থী।