সিলেটে পাহাড় কাটা থেকে বিরত থাকার নির্দেশ
সিলেট সিটি করপোরেশন, সদর উপজেলাসহ ছয় উপজেলার পাহাড় ও টিলা কাটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্য উপজেলাগুলো হলো: গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। রুলে ওই সব এলাকায় থাকা পাহাড় ও টিলা কাটার কার্যক্রম কেন এখতিয়ারবহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে পাহাড় বা টিলার পাদদেশে বসবাসরত দরিদ্র ব্যক্তিদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।পরিবেশ, ভূমি, গৃহায়ণসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৭ সালের ১০ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক গেজেটে সব ধরনের পাহাড় ও টিলা কাটার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এর পরও সিলেটে পাহাড় কাটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গতকাল রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।