সিলেটে পাহাড়-টিলা-ভূমি রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন চা-বাগানের নামে পাহাড়-টিলা-ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বন্ধসহ সিলেট বিভাগের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ও চারিকাটা ইউনিয়নের পাহাড়-টিলা-ভূমির প্রায় ছয় হাজার একর জমি বন্দোবস্ত নিয়ে নতুন চা-বাগান করতে চারটি চা কোম্পানি আবেদন করে। স্থানীয় প্রশাসন ওই জমি বন্দোবস্তের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী গত বুধবার জৈন্তাপুর উপজেলা সদরে বিক্ষোভ করে চা কোম্পানিকে জমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করে বসবাসকারী ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের দাবি জানায়। এলাকাবাসীর প্রতি সংহতি জানিয়ে গতকাল বিকেলে সিলেটে বাপা আয়োজিত মানববন্ধন থেকে ক্ষমতাসীনদের বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন চলাকালে বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল বক্তৃতায় বলেন, সিলেট বিভাগে অনেক চা-বাগান আছে। দু-একটি চা-বাগান ছাড়া বাকিগুলো রুগ্ণ অবস্থায় পড়ে আছে। আইনে আছে, রুগ্ণ চা-বাগানগুলোর বন্দোবস্ত সরকার বাতিল করবে। কিন্তু সে আইনের প্রয়োগ নেই। নতুন করে চা-বাগান করার নামে মানুষকে ভূমিহীন করার চেষ্টা চলছে। নতুন চা-বাগান না করে রুগ্ণ চা-বাগানগুলোকে লাভজনক করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে জৈন্তাপুরবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস শুকুর, সিলেটের সংস্কৃতিকর্মী হাসান মোরশেদ, স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব সানশাইনের সাবেক সভাপতি জয়দীপ দাশ, পেশাজীবী সুপ্রদীপ তালুকদার, গৌস মইনুদ্দিন প্রমুখ।