সিলেটে পিকেটিং ছাড়াই হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পিকেটিং ছাড়াই হরতাল হয়েছে। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরসহ উপজেলা সদরগুলোতে হরতাল সমর্থনকারীদের রাস্তায় দেখা যায়নি।নগরের বিভিন্ন মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল বেশি। সিলেট নগরে দুপুরে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। মাঠে নামতে না পারায় সিলেট জেলা ও নগর বিএনপির নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েই ছিলেন সারা দিন। বিএনপির নেতা-কর্মীরা শহীদ মিনারের পার্শ্ববর্তী চৌহাট্টা মোড়ে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করেন। হরতাল চলাকালে সিলেটের কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।সকালে বিএনপির নেতাদের একটি দল সিলেট নগরের কোর্ট পয়েন্টে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁরা সেখান থেকে জিন্দাবাজার এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। নেতারা শহীদ মিনার চত্বরে অবস্থান নেওয়ায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। বিকেলে চৌহাট্টা মোড় পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করে বিএনপি নেতারা হরতালে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির সমালোচনা করেন।নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন ও জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, পুলিশি বাধার কারণে হরতাল আরও কড়াভাবে পালিত হচ্ছে। হরতাল চলাকালে দুপুর পর্যন্ত ছোট-বড় কোনো যানবাহন চলাচল করেনি। তবে দুপুরের পর থেকে নগরের অলিগলিতে যানবাহন চলাচল করেছে। নগর ছাড়াও সিলেটের ১২ উপজেলা সদরে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।