সিলেটে পিকেটিংয়ে শিশুরা!
প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা রিকশায় করে যাচ্ছিলেন। হঠাৎ চার-পাঁচজনের একদল শিশু রিকশাটি ঘিরে ধরে। ‘হরতাল...হরতাল...’ বলে রিকশায় এলোপাতাড়ি ঢিল ছোড়ে। একপর্যায়ে এক চাকার হাওয়া ছেড়ে দিয়ে চলে যায় শিশুরা। হরতাল চলাকালে গতকাল বুধবার সকালে সিলেট নগরের ব্যস্ততম বন্দরবাজারে আট-নয় বছর বয়সী শিশুদের একটি দল এভাবেই পিকেটিং করছিল।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বন্দরবাজারের মহাজন পট্টির সামনে পাঁচ থেকে ছয়জন শিশু-কিশোরকে কয়েকটি ভাগে পিকেটিং করতে দেখেছেন। শিশুদের হাতে লাঠিসোঁটা ছিল। শিশুরা চড়াও হলেও রিকশাচালকেরা কিছু বলতে পারেননি। বন্দরবাজারের পাশের কালীঘাট এলাকার একটি চালের আড়ত থেকে তিন বস্তা চাল নিয়ে তালতলা যাচ্ছিলেন রিকশাচালক নূর হোসেন। পথে শিশুরা রিকশাটির গতিরোধ করে। নূর হোসেন জানান, তারা (শিশুরা) খেলাধুলা করছে মনে করে তিনি রিকশা থামান। পরে দুই চাকার হাওয়া ছেড়ে দিয়ে শিশুরা ‘হরতাল-হরতাল’ বলে ঘটনাস্থল ত্যাগ করে। দুপুরে বন্দরবাজারের কয়েকজন এই প্রতিবেদককে বলেন, ওরা সবাই পথশিশু। হরতালের দিন রাস্তা ফাঁকা পেয়ে ক্রিকেটসহ নানা খেলাধুলা করত। গতকাল হরতালকারী কেউ প্রলোভন দেখিয়ে ওদের পিকেটিংয়ে নামিয়ে থাকতে পারে।বন্দরবাজারের একজন ফলবিক্রেতা জানান, এক শিশু তাঁকে জানিয়েছে, হরতাল পালনকারী কয়েকজন তাদের খিচুড়ি খাইয়ে এ কাজে নামিয়েছে। পরে বড়দের ধমক খেয়ে ওই শিশুরা ঘটনাস্থল ত্যাগ করে। সিলেট কোতোয়ালি থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির জানান, হরতালে নাশকতা এড়াতে কয়েকটি ভাগে পুলিশ ছিল। বন্দরবাজারেও পুলিশের একাধিক দল ছিল। শিশুদের পিকেটিংয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। সিলেটে গত ২৯ এপ্রিল হরতাল পালনকালে নগরের একটি এলাকায় শিশুদের মিছিলও হয়েছিল। ‘জাতীয়তাবাদী শিশুদল’ ব্যানার নিয়ে এমন মিছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পাওয়ায় বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। গতকালের ঘটনায় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এর পেছনে আমাদের কারও প্ররোচনা থাকলে সত্যিই এটি অনৈতিক কাজ হয়েছে। বাচ্চাদের নিয়ে রাজনীতি আমরা কেউ-ই সমর্থন করি না।’