সিলেটে পুলিশ ও যানবাহনের চালকদের সংঘর্ষ, আহত ১৫
সিলেট শহরের আম্বরখানা মোড়ে গত বৃহস্পতিবার পুলিশ ও যানবাহনের চালকদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।পরে ট্রাকশ্রমিক নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আম্বরখানা ও সোবহানীঘাট মোড়ে পরিবহনের শ্রমিকেরা অবরোধ কর্মসূচি পালন করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ইফতারের আগে আম্বরখানা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় এক ট্রাকচালকের সঙ্গে আম্বরখানা মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আবু নাঈম ও হাবিলদার মুমিন আল মামুনের তর্ক হয়। এর জের ধরে অটোরিকশাচালক ও ট্রাকচালকেরা সংগঠিত হয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান। গাড়িচালকেরা আম্বরখানা সড়ক অবরোধ করে সার্জেন্ট নাঈমকে একটি দোকানে আটকে রাখেন এবং হাবিলদার মামুনকে রাস্তার ওপর বেধড়ক মারধর করেন।খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ আম্বরখানা ও আশপাশের এলাকার দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান নেওয়া গাড়িচালক ও সাধারণ জনতার ওপর বেধড়ক লাঠিপেটা শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় পুলিশ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারসহ নয়জনকে আটক করে।জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবদুস সহিদ জানান, সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর করার প্রতিবাদ জানিয়েছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর। এ সময় ট্রাফিক পুলিশ তাঁকে মারধর করে। এ জন্য ক্ষুব্ধ হয়ে গাড়িচালক ও শ্রমিকেরা প্রতিবাদ জানাতে গেলে সংঘর্ষ বাধে।