সিলেটে পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সোবহানীঘাট এলাকায় স্থানীয় পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে খাল দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। তবে পুলিশ দাবি করছে, খালের যে অংশে তারা সীমানা খুঁটি পুঁতেছে, তা ফাঁড়ির নিজস্ব সম্পত্তি।সরেজমিনে দেখা গেছে, কোতোয়ালি থানার অধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে গোয়ালিছড়া খালের একটি শাখা খাল বয়ে গেছে। ফাঁড়ি কর্তৃপক্ষ ওই শাখা খালের প্রায় অর্ধেকটা দখলে নিয়ে কয়েক দিন ধরে দেয়াল নির্মাণ করছিল। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ফাঁড়ি কর্তৃপক্ষ খাল দখল করে দেয়াল নির্মাণ করছে ধরে নিয়েই সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজে বাধা দেওয়া হয়েছে।ফাঁড়ির দায়িত্বপাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ভূমি অফিস ফাঁড়ির সীমানা নির্ধারণ করে দেওয়ার পর সীমানার মধ্যেই দেয়াল তৈরির কাজ চলছিল। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ বাধা দেওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে।