সিলেটে পুলিশ সদস্যকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী দেখতে হাসপাতালের ওয়ার্ডে ঢুকতে না দেওয়ায় ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা কর্তব্যরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবি) এক সদস্যকে মারধর করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগের এক কর্মীর আত্মীয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার নয় নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁকে দেখতে সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে যান। এ সময় ওয়ার্ডে কর্তব্যরত এপিবির কনস্টেবল তাঁদের ওয়ার্ডে ঢুকতে নিষেধ করেন। এ অবস্থায় ছাত্রলীগের কর্মীরা মুঠোফোনে ফোন করে আরও কয়েকজন কর্মীকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা এসেই এপিবির কনস্টেবলকে মারধর শুরু করেন। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও আত্মীয়স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একদল পুলিশ সেখানে গিয়ে এপিবি কনস্টেবলের ওপর হামলাকারী চারজনকে আটক করেন। পরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা সেখানে যান। তাঁরা আটক ছাত্রলীগের কর্মীদের ‘শাসন’ করে ছাড়িয়ে নেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, এপিবির ওই কনস্টেবল গতকালই প্রথম হাসপাতালের ওই ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। ওয়ার্ডে রোগীর দর্শনার্থীদের প্রবেশ নিয়ে সামান্য তর্ক থেকে হাতাহাতির পর্যায়ে যায়। হাসপাতাল এলাকা হওয়ায় খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ছাত্রলীগের কয়েকজন
নেতা সেখানে গিয়ে ছাত্রলীগের কর্মীদেরকেও শাসিয়ে নিয়ে গেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা আলী হোসেনের ছোট ভাই তানভির হোসেনও ছিলেন। খবর পেয়ে তিনি সেখানে ছুটে গিয়ে তানভিরকে মারধর শুরু করেন। ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে পুলিশকে জানিয়ে আটক ছাত্রলীগের কর্মীদের ছাড়িয়ে আনা হয়।
যোগাযোগ করলে আলী হোসেনের দাবি, এপিবি কনস্টেবলের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। ওয়ার্ডে প্রবেশ নিয়ে
এপিবির সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হওয়ায় তিনি নিজের ভাইকে শাসন করে ছাত্রলীগের কর্মীদের নিয়ে এসেছেন।