সিলেটে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকালে সিলেটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছেন শিবিরের নেতা-কর্মীরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আইয়ুব প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শিবিরের এক কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আরও সাতজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে সিলেট নগরের পশ্চিম সুবিদ বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সুবিদ বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। পুলিশের একটি টহল দল মিছিলের দিকে এগিয়ে যায়। শিবিরকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করেন। পুলিশের ব্যবহূত কয়েকটি হেলমেট ও গুলিরোধী জ্যাকেট ছিনিয়ে নেন শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার (লেগুনা) ভাঙচুর করেন।

এ ঘটনার পর হরতালে নাশকতা ঠেকাতে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরাও টহল দিচ্ছেন।