সিলেটে পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা
ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে সিলেট কোতোয়ালি থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শকসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত রোববার রাতে পুলিশের নির্যাতনে আহত ছাতকের ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়
সদস্য শামীম আহমদ চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত নয়টায় এজাহার দাখিলের পরপরই মামলাটি রেকর্ড করে একজন সহকারী কমিশনারকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
মামলায় কোতোয়ালি থানার সাবেক ওসি আতাউর রহমান, পরিদর্শক শ্যামল বণিক, উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের ও কনস্টেবল অধীর চন্দ্রকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৭ জুলাই সিলেট নগরের নয়াসড়ক এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীর বড় ভাই কামাল আহমদ চৌধুরীকে আটক করে পুলিশ।
এরপর থানাহাজতে নিয়ে ওসি আতাউর রহমানসহ পুলিশের একটি দল তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কামালের ভাই শামীম ২৪ জুলাই উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের আইজিপি ও সিলেটের পুলিশ কমিশনারকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশনায় শামীম ওই মামলা করেন।