সিলেটে পুলিশের লাঠিপেটায় ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালামের সমর্থকদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন চেয়ারম্যানের সমর্থকেরা। চেয়ারম্যান কালামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে তাঁর সমর্থকেরা গতকাল রোববার মহানগর পুলিশ কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগে চেয়ারম্যান আবুল কালামকে প্রধান আসামি করে সম্প্রতি একটি মামলা হয়। ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে চেয়ারম্যানের সহস্রাধিক সমর্থক স্মারকলিপি দিতে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় নাইওরপুলে যাচ্ছিলেন। ২৫-৩০টি মোটরসাইকেল, ১৫টি ট্রাক ও পিকআপ-ভ্যানের বহর নিয়ে চেয়ারম্যানের সমর্থকেরা নাইওরপুলের কাছাকাছি পৌঁছালে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় ১৬টি মোটরসাইকেল ও তিনটি ট্রাকও আটক করে পুলিশ। ইউপি চেয়ারম্যানের সমর্থকেরা দাবি করেন, পুলিশের লাঠিপেটায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।