সিলেটে পূর্ণ দিবস হরতাল পালন
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় সিলেটে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে। সকালে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিলেট বিভাগের চার জেলায় আহূত অর্ধদিবস হরতাল পূর্ণ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ১৮ দলের হরতাল পালনের সঙ্গে সঙ্গে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে জামায়াতের হরতাল। জামায়াতের নেতা শফিকুর রহমানের মুক্তির দাবিতে হরতালের সময় বাড়ানো হলো।ঢাকায় গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা শফিকের বাড়ি সিলেটে। তাঁর মুক্তির দাবিতে পূর্ণ দিবস হরতাল ঘোষণার প্রায় ঘণ্টা খানেক পর দুপুরের দিকে লাঠিসোঁটা নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে অবস্থান নেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা অবস্থান পরিবর্তন করেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন প্রথম আলোকে জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিলেন। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী ছোট যানগুলো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে টায়ার জ্বালানো হয়। পুলিশ সেখানে যাওয়ার আগেই তাঁরা পালিয়ে যান। এদিকে সিলেটে আধা বেলা হরতালে বিক্ষিপ্ত পিকেটিং করেছেন নেতা-কর্মীরা। জামায়াতের ঘোষণায় পূর্ণ দিবস হরতালও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুরের পর থেকে নগরে ছোট ছোট যান চলাচল শুরু করে। বিকেল থেকে উপজেলা ও জেলা সদরের মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।