প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সিলেটে পৃথক তিনটি কর্মসূচি পালন করবে বিএনপি। জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এক নেতার নেতৃত্বে পৃথক শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হবে। বুধবার জেলা বিএনপির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বেলা ১১টায় নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে বের হবে জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন এবং সাধারণ সম্পাদক আবদুল গফফার নেতৃত্ব দেবেন। গতকাল শুক্রবার মহানগর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি শনিবার দুপুরে নগরের কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করবে। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন নগর বিএনপির সভাপতি এম এ হক ও সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী। জেলা ও নগর কমিটির বাইরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহেরের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হবে। শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার রাতে বিএনপির নেতা আবুল কাহেরের বাসায় অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক পরিবহনবিষয়ক সম্পাদক সালেহ আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম এ মছব্বির, মিসবাহুল কাদির, মাহবুব চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।