সিলেটে প্রচারণায় প্রার্থীদের স্ত্রীরাও
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নারী ও পুরুষ ভোটার সংখ্যা প্রায় সমান। এ জন্য অন্দরের ভোটব্যাংকে ভাগ বসাতে প্রার্থীদের পক্ষে তাঁদের স্ত্রীরাও মাঠে নেমেছেন। গত বৃহস্পতিবার থেকে নগরের পাড়া-মহল্লায় এ দৃশ্য দেখা গেছে। প্রার্থীদের স্ত্রীরা বাড়ির অন্দরে গিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন, স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রীনা কর্মকার প্রথম আলোকে বলেন, শহরের নির্বাচন হলেও এখনো সচেতনতার দিক দিয়ে তেমন অগ্রগতি নেই। অধিকাংশ নারী তাঁদের ভোট পুরুষদের কথায়ই দেন। তবে প্রচারণায় যদি নারীরা মাঠে নামেন, তাহলে ভোট দেওয়ার সিদ্ধান্তটা নারীরা একাই নিতে পারবেন।সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী যথাক্রমে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান ও আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী বৃহস্পতিবার থেকেই ভোট প্রার্থনায় নির্বাচনী মাঠে নেমেছেন। আসমা কামরান টিলাগড় এলাকার বিভিন্ন মহল্লায় স্বামীর পক্ষে আনারস প্রতীক নিয়ে গণসংযোগ করেন। শ্যামা হক দাড়িয়াপাড়া থেকে ঘরে ঘরে স্বামীর পক্ষে টেলিভিশন প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁদের সঙ্গে দলীয় নারী নেত্রীরাও ছিলেন। শ্যামা হক বলেন, ‘পরিবর্তনের বাতাস শুধু বাইরে নয়, এবার অন্দরেও বইছে। আমার স্বামীর পক্ষে সেই পরিবর্তন সম্ভব বলে নারী ভোটারদের জানিয়েছি।’পুরুষদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে নারী সমর্থকেরাও প্রচারণায় নেমেছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের স্ত্রীরাও ঘরে বসে নেই। তাঁরাও বাড়ি বাড়ি গিয়ে স্বামীর পক্ষে ভোট চাইছেন।