সিলেটে প্রতিবাদী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারী নদীর উজানে ভারতের বাঁধ নির্মাণ ও জলবিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট চালুর প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন ‘প্রতিবাদী মানববন্ধন’ পালন করেছে। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া পার্বত্য জেলায় বাংলাদেশের সারী নদীর উজানে মাইনথ্রু নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটটি চালু হচ্ছে আজ বুধবার। এটি উদ্বোধন করবেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।মানববন্ধনে জানানো হয়, বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটার দূরে মেঘালয়ের ডাউকিচ্যুতির কাছাকাছি প্রকল্পটির অবস্থান। ২০০২ সালের ২৫ অক্টোবর জৈন্তিয়া পার্বত্য জেলায় মাইনথ্রু লেশকা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় এক দশক পর জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের উদ্বোধন হচ্ছে।বক্তারা জানান, জৈন্তিয়া পর্বতের মাইনথ্রু নদী বাংলাদেশে সারী নামে প্রবেশ করেছে। সারী নদীর জলধারায় প্রতিবন্ধকতা দেখা দিলে সিলেট অঞ্চলের অন্যান্য নদীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বক্তারা বলেন, বাঁধের কারণে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির ব্যাপারে ভারতের সঙ্গে যদি সরকার দ্রুত আলোচনা শুরু না করে, তাহলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। এই প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুুল হাই আল-হাদি। প্রধান অতিথি ছিলেন টিপাইমুখ প্রতিরোধ আন্দোলন সিলেটের যুগ্ম আহ্বায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, আইনজীবী মইনুল হক, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি নির্মল কুমার সিংহ, কানাইঘাট সচেতন নাগরিক ফোরামের সভাপতি আবদুর রহিম, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন ও মনজুর আহমদ।