সিলেটে প্রথম দিনেই মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা
বাইরে দমকা হাওয়ার সঙ্গে চলছিল বৃষ্টি। পরীক্ষা শুরুর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেটের সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র। অন্ধকার পরীক্ষার হলে কেন্দ্র পরিদর্শক ও শিক্ষকেরা মুঠোফোনের আলো জ্বেলে প্রশ্নপত্র বিলি করছিলেন। পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করার পরও যখন বিদ্যুৎ আসছিল না, তখন মোমবাতি জ্বালিয়ে শুরু হয় পরীক্ষা।এইচএসসি পরীক্ষা শুরুর দিনে গতকাল সোমবারের এ চিত্র শুধু সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নয়, সিলেট নগরের অধিকাংশ কেন্দ্র বিদ্যুৎহীন থাকায় পরীক্ষা শুরুর ২৫ থেকে ৫০ মিনিট পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা চলেছে। সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র বিদ্যুৎহীন অবস্থায় ছিল প্রায় ৫০ মিনিট ধরে। সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ২৭৯ জন। ঝড়-বৃষ্টির মৌসুম বিবেচনায় বোর্ডের ৭২টি কেন্দ্রকে বিদ্যুৎ চলে গেলে বিকল্প প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। কিন্তু পরীক্ষা শুরুর প্রথম দিনে এ অবস্থার সৃষ্টি হওয়ায় বেশির ভাগ কেন্দ্রের পরীক্ষার্থীদেরই ভোগান্তি পোহাতে হয়েছে। মদনমোহন কলেজ কেন্দ্রে অংশ নেওয়া সরকারি কলেজের এক পরীক্ষার্থী জানায়, পরীক্ষার শুরুতে অন্ধকারে ঢাকা পড়ে কক্ষ। এ সময় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার শুরুতেই এমন ভোগান্তির কথা স্বীকার করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, পরীক্ষা কেন্দ্রসংশ্লিষ্ট এলাকাগুলোকে লোডশেডিংমুক্ত রাখতে বিদ্যুৎ বিভাগকে আগেই জানানো হয়। কিন্তু ঝড় আসায় বিদ্যুৎ-পরিস্থিতি স্বাভাবিক ছিল না।