সিলেটে প্রধান বিচারপতির কারাগার পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহা গতকাল সোমবার সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।

সিলেট কারাগার সূত্র জানায়, বেলা দুইটায় প্রধান বিচারপতি কারাগারে আসেন। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সোয়া দুইটার দিকে তিনি কারাগারে ঢোকেন। বিকেল পৌনে চারটা পর্যন্ত প্রধান বিচারপতি কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে নারী বন্দীদের সঙ্গেও কথা বলেন। প্রধান বিচারপতির কারা পরিদর্শনের সময় ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা ও কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান ওরফে মুক্তিও ছিলেন। সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে সমিতির মিলনায়তনে সংবর্ধনা দেয়।

জানতে চাইলে কারাগারের জেলার মাসুদ পারভেজ বলেন, ‘এটা তো আসলে আমাদের দেখার বিষয় নয়। আমরা জেনেছি, শুধু প্রধান বিচারপতি মহোদয় পরিদর্শনে আসবেন, কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবেন। তাঁর সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁদের আমরা অভ্যর্থনা দিয়েছি। এখানে কে কে এসেছিলেন, এগ‌ুলো দেখার বিষয় আসলে আমাদের নয়।’

প্রধান বিচারপতির কারা পরিদর্শনের প্রায় ২০ মিনিট পরই আলম খান মুক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রধান বিচারপতির সঙ্গে কারা পরিদর্শন করার দুটি ছবি আপলোড করেন।

যোগাযোগ করলে আলম খান প্রথম আলোকে বলেন, নিজ এলাকার মানুষ হিসেবে তিনি পূর্বপরিচয়সূত্রে বিচারপতির সঙ্গে সার্কিট হাউসে দেখা করতে যান। সেখান থেকে বিচারপতি তাঁকে সঙ্গে করে কারা পরিদর্শনে নিয়ে যান।