সিলেটে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘অসত্য’ দাবি করে বিএনপির প্রেস ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে প্রেস ব্রিফিং করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।গতকাল রোববার নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘নির্জলা মিথ্যাচার’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মহাজোট সরকারের আমলের তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনায় প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা ও সিলেট-তামাবিল সড়ক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে বক্তৃতায় উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এ বক্তৃতার প্রতিবাদে গতকাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তৃতায় বলা হয়, ‘খালেদা জিয়ার আমলে সিলেটে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর তা আর কখনো হয়নি। এ কথা সিলেটের নিন্দুকেরাও স্বীকার করে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বিগত চারদলীয় জোট সরকার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে—এ কথা সিলেটবাসী সবারই জানা। অথচ শেখ হাসিনা সিলেটের জনসভায় এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর প্রতিষ্ঠা বলে যে মিথ্যাচার করলেন, এর জবাব আগামী দিনে সিলেটের মানুষ ভোটের মাধ্যমে দেবে।’ ‘সিলেটবাসীকে উপহার দিলাম’ বলে যে ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, সেগুলোও বিগত চারদলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রীর শুরু করা বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়। সিলেট শিক্ষা বোর্ডের জমি বরাদ্দ, অধিগ্রহণ ও ভবন নির্মাণের টাকা পর্যন্ত এম সাইফুর রহমানের দেওয়া। সিলেট-তামাবিল সড়ক তাঁর (প্রধানমন্ত্রী) করা বলে যে অসত্য বক্তব্য দিয়েছেন, তা সিলেটে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কারণ, এ সড়কের উন্নয়নের টাকা কুয়েত সরকার থেকে কীভাবে এম সাইফুর রহমান আদায় করেছিলেন, তা সিলেটের সুধী সমাজ পর্যন্ত জানে।টিপাইমুখ বাঁধ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ‘তিনি এত দিন চুপ ছিলেন। বলেছেন, ক্ষতি হলে বাঁধ করতে দেওয়া হবে না। বাঁধ যদি হয়েই যায়, তাহলে পরে আর ক্ষতি দেখে কী হবে?’ এসব কথা না বলে সরকারকে যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানান সিলেটের বিএনপির নেতারা।প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সভাপতি এম এ হক। বক্তব্য দেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, মোহামঞ্চদ সোনা মিয়া, নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী কয়েস প্রমুখ।