সিলেটে প্রবাসী বাড়িওয়ালারা এখন ‘সাইনবোর্ড’ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার ফটকে ‘খরিদা সূত্রে মালিক...’ সাইনবোর্ড সাঁটানো। তাতে পাঁচজনের নাম ও মুঠোফোন নম্বর দেওয়া। বাসার মালিক লন্ডনপ্রবাসী। বাসা দেখভালের দায়িত্বে থাকা তত্ত্বাবাধয়ক গত বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করলে আশপাশে অবস্থানরত একদল লোক তাকে কড়া ভাষায় জানায়, জায়গার মালিকানা নিয়ে ভেজাল আছে। মিটমাট করতে হলে সাইনবোর্ডে উল্লিখিত মালিকদের সঙ্গে বসতে হবে।অভিযোগ উঠেছে, সিলেট নগরের কানিশাইলের শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাসরত লন্ডনপ্রবাসীদের বাসায় এ রকম সাইনবোর্ড ঝুলিয়ে দখলের চেষ্টায় সক্রিয় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা একটি চক্র। গত বুধ ও বৃহস্পতিবার ওই এলাকার তিনটি বাসায় এ রকম সাইনবোর্ড ঝুলিয়ে থাকতে দেখা গেছে। আরও অন্তত ১৭টি বাসায় সাইনবোর্ড ঝুলানোর চেষ্টায় রয়েছে ওই চক্র।গত বৃহস্পতিবার সকালে মালিকানা দাবির সাইনবোর্ড ঝুলিয়ে রাখা বাসায় গিয়ে দেখা গেছে, বাসার ফটকের দেয়ালের এক পাশে পুরোনো নাম—‘রিনা ভবন’ ফলকটি অপসারণ করে নতুন করে ‘খরিদা সূত্রে মালিক’ সাইনবোর্ডটি সাঁটানো। তাতে মুঠোফোন নম্বরসহ ‘খরিদা সূত্রে’ নতুন মালিক হিসেবে সাব্বির আহমদ, মো. খালেদ মজনু, মো. আবদুর রব, আবদুর রহিম বক্স ও মো. মোজাম্মেল আলীর নাম উল্লেখ রয়েছে। বাসার তত্ত্বাবধায়ক আলমগীর হোসেন জানান, সাইনবোর্ড ঝুলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁকে একাধিকবার তাগাদা দেওয়া হচ্ছে আপস-নিষ্পত্তি করতে। তিনি আরও জানান, এ বাসার (নম্বর ১৯২) মালিক সিরাজ আহমদ কাবিরী লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় ১৩ বছর আগে ১২ শতক জায়গা ক্রয় করে তিনি বাসা তৈরি করেন। সাঁটানো সাইনবোর্ডে পাঁচটি নামের সঙ্গে দেওয়া মুঠোফোন নম্বরগুলোর মধ্যে একজন সাব্বির আহমদ দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওয়ের বাসিন্দা পরিচয় দিয়ে দাবি করেন, ক্রয়সূত্রে তাঁরা জায়গাটির মালিক। এখন যারা আছে, তারা অবৈধ দখলদার। তবে সাইনবোর্ডের উল্লেখ করা বাকি চারজনের নামের সঙ্গে মুঠোফোন নম্বরের মিল পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সাব্বির।সরেজমিনে দেখা গেছে, রিনা ভবনের মতো লন্ডনপ্রবাসী আশিকুর রহমান ওরফে তেরা মিয়ার সাত শতক ও সুলতান আলীর ১০ শতক জায়গার বাসার ফটকে মালিকানা দাবিদার পাঁচজনের নামসংবলিত সাইনবোর্ড ঝুলছে। সুলতান মিয়ার বাসার তত্ত্বাবধায়ক আনোয়ার আলী বলেন, ‘এলাকায় প্রতি শতক জায়গার মূল্য সাত থেকে আট লাখ টাকা। দখলচেষ্টায় থাকা এ চক্রটি জায়গার মূল্যের কিছু অংশ পাওয়ার চেষ্টায় এমন করছে।’এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নামে এই তত্পরতা চালাচ্ছে। এ জন্য দখলচেষ্টার বিষয়টি নিয়ে আগ বাড়িয়ে কেউ কিছু বলছে না। এর মধ্যে মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মোবাশ্বির আলী সাইনবোর্ড সাঁটানো বাসাগুলোর তত্ত্বাবধায়ককে আপস-নিষ্পত্তি করার জন্য তাগাদা দিচ্ছেন।মোবাশ্বির আলী এ বিষয়ে বলেন, ‘এলাকার বাসিন্দা হিসেবে জায়গা জটিলতার বিরোধপূর্ণ অবস্থা সম্পর্কে অবহিত হয়েছিলাম। তবে এতে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দলে নেতার (মিসবাহউদ্দিন সিরাজের) ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের প্রচার চালানো হতে পারে।’ মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘জায়গা নিয়ে ওই এলাকায় পুরোনো বিরোধ রয়েছে। এলাকার মানুষ যেকোনো জটিলতা এড়াতে হয়তো আমার নাম নিতে পারে। এখানে দখল বা অন্য কোনো বিষয়ের অবকাশ নেই। আমি বিষয়টি দেখব।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ রকম যদি কেউ করে, তাহলে বিষয়টি অবশ্যই শৃঙ্খলাবিরোধী। এ রকম ঘটনার কোনো খবর কেউ পুলিশকে দেয়নি।