সিলেটে প্রবাসীদের টিকার নিবন্ধনের প্রথম দিনেই কারিগরি ত্রুটি
করোনার টিকার নিবন্ধনের জন্য সিলেটের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা। দিনভর দুই শতাধিক প্রবাসী সেখানে উপস্থিত হলেও মাত্র ২৫ জন নিবন্ধন করতে পেরেছেন। কারিগরি ত্রুটি থাকায় বাকিরা নিবন্ধন করতে পারেননি বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটসহ দেশের ৪২টি জনশক্তি কার্যালয়, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে আজ শুক্রবার সকাল থেকে প্রবাসীদের টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে।
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রবাসীরা নিজেদের পাসপোর্ট, ভিসা ও টিকিট প্রদর্শনের মাধ্যমে নিবন্ধনের পর সুরক্ষা ডটকম ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করলে করোনার টিকা পাবেন। এ ছাড়া প্রবাসীরা নিজেই ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটির এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
আজ শুক্রবার সকাল আটটা থেকেই নিজেদের পাসপোর্ট ও ভিসা নিয়ে টিকার নিবন্ধন করতে আসেন প্রবাসীরা। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে নির্ধারিত ২০০ টাকা পরিশোধ করতে না পারায় ভোগান্তির শিকার হয়েছেন নিবন্ধনপ্রত্যাশীরা।
লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে দূরদূরান্ত থেকে প্রবাসীরা এলেও নিবন্ধন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও নিবন্ধন করতে না পেরে অনেককে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে।
মধ্যপ্রাচ্যপ্রবাসী উসমান মিয়া বলেন, ‘সারা দিন দাঁড়িয়ে থাকার পরও রেজিস্ট্রেশন করতে পারিনি। বিকাশের মাধ্যমে সারা দিনে অনেকবার চেষ্টা করছি। কিন্তু টাকা জমা দিতে পারিনি। ফলে রেজিস্ট্রেশনও হয়নি। ভিসার মেয়াদ আর মাত্র দেড় মাস আছে। এই সময়ের মধ্যে টিকা নিয়ে কাজে ফিরতে না পারলে বিপদে পড়ে যাব। তখন ভিসার মেয়াদ বাড়াতে বাড়তি অনেক টাকা খরচ করতে হবে।’
বিশ্বনাথ থেকে আসা প্রবাসী আমির উদ্দিন বলেন, ই-পাসপোর্টধারীদের বিকাশে টাকা জমা দিতে হচ্ছে না। তবে এমআরপি পাসপোর্টধারীদের বিকাশের মধ্যেমে টাকা জমা দিতে হচ্ছে। কিন্তু বিকাশের মাধ্যমে ঠিকমতো টাকা জমা দিতে না পারায় নিবন্ধনের জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে।
কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব বলেন, ‘প্রথম দিনে আমরা ২৫ জনের নিবন্ধন করতে পেরেছি। এর মধ্যে দুটি এমআরপি ও ২৩টি ই–পাসপোর্ট। কারিগরি ত্রুটি ও জটিলতার কারণে আজ নিবন্ধন কার্যক্রম পুরোদমে করা সম্ভব হয়নি। তবে আশা করছি, কাল-পরশুর মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।’
তিনি জানান, যাঁদের ই-পাসর্পোট রয়েছে, তাঁদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা পরিশোধ করে নিবন্ধন করা হচ্ছে। এতে কোনো সমস্যা হচ্ছে না। তবে এমআরপি পাসপোর্টধারীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রবাসীরা নিজেরাও ‘আমি প্রবাসী’ নামের অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরে সুরক্ষা অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর টিকার তারিখ নির্ধারণ করা হবে।