সিলেটের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপতালে গতকাল সোমবার সকালে নাজমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। তাঁর বাড়ি নগরের জালালাবাদ আবাসিক এলাকায়। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও দুই সেবিকাকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।মাতৃমঙ্গল হাসপাতাল ও নাজমার পরিবার সূত্র জানায়, নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইমলাক খানের স্ত্রী নাজমা আক্তারের প্রসববেদনা উঠলে গত রোববার রাত ১১টার দিকে জিন্দাবাজার এলাকায় রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর এক ছেলেসন্তানের জন্ম হয়। এ সময় নাজমা কিছুটা সুস্থ থাকলেও প্রায় আধা ঘণ্টা পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গতকাল সোমবার সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।নাজমার দেবর ইমরান খান প্রথম আলোকে জানান, রাত দুইটার পর থেকে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের জানানো হয়। কিন্তু তাঁরা তা আমলে নেননি। সকালে পেটে ব্যথা উঠলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনা বেগমকে সরাসরি জানানো হয়। কিন্তু তিনি কোনো চিকিৎসা দেননি। এর ঘণ্টা খানেক পর নাজমা মারা যান। তবে নবজাতক সুস্থ আছে।হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সভাপতি মনসুজ্জামান চৌধুরী জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নাজমার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক মর্জিনা বেগম ও দুই সেবিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে দুই দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তে চিকিৎসক ও সেবিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আইনের হাতে তুলে দেওয়া হবে।