সিলেটে প্রার্থীরা সরব ভোটাররা নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) নির্বাচনী এলাকার কেন্দ্রস্থল হচ্ছে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার। একটি চায়ের দোকানে বসা ছিলেন আবদুর রব। ভোট দেবেন কি না—এমন প্রশ্নেও ভাবলেশহীন তিনি। একপর্যায়ে রব বলেন, ‘প্রার্থীরা তো আয়রা-যায়রা! দেখি ভোটের দিন আউক (আসুক)।’
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ৫ জানুয়ারিকে সামনে রেখে প্রার্থীরা সরব হয়ে উঠলেও দরবস্ত বাজারের আবদুর রবের মতো প্রায় সব সাধারণ ভোটার নীরব রয়েছেন। নির্বাচন বা ভোটের দিন নিয়ে তাঁদের আগ্রহ নেই বললেই চলে। একই অবস্থা বিরাজ করছে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনেও। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে নির্বাচন হচ্ছে দুটিতে। এ দুটি আসন হচ্ছে সিলেট-২ ও সিলেট-৪। বাকি চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগের ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সমর্থক বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। এ আসনে বর্তমান সাংসদ শফিকুর রহমান চৌধুরী দলের কেন্দ্রীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়া হয়।
ওসমানীনগরের নতুন ভোটার মাহবুবুর রহমান কিছুটা বিদ্রূপের সুরে বলেন, ‘অন্য জায়গায় ভোট তো আওয়ামী লীগে-আওয়ামী লীগে হচ্ছে। এখানে তারও সুযোগ নেই।’ সিলেট-৪ আসনে দুজন মাত্র প্রার্থী হলেও অবস্থা ভিন্ন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান সাংসদ ইমরান আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। দুই প্রার্থীই একই দলের হওয়ায় নির্বাচনী উত্তাপ শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
কোম্পানীগঞ্জের ভোটার পাথর ব্যবসায়ী আলেকুজ্জামান বলেন, ‘ভোট যদি দিতেই হয়, তাহলে দলের ভেতরের লড়াইকে জয়ী করতেই দেব।’ আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সিলেটের দুটি আসন ছাড়াও সিলেট বিভাগে সুনামগঞ্জ ও হবিগঞ্জের তিনটি আসনে অনেকটা আওয়ামী লীগে-আওয়ামী লীগে ভোট হবে। দলীয় সাংসদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা প্রার্থী হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিবেচনায় ভোটের দিন ভোটকেন্দ্রে উপস্থিতিও থাকবেন শুধু আওয়ামী ঘরানার ভোটাররা। সে জন্য দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চলছে। কিন্তু তাতেও প্রত্যাশিত সাড়া মিলছে না।
দলীয় প্রার্থীর পক্ষে সিলেট বিভাগের নির্বাচনী এলাকাগুলো পরিদর্শন করার অভিজ্ঞতায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজও ভোটারদের মধ্যে একধরনের নীরবতা থাকার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। সংকট কাটাতে আমরা ভোটারদেরই উদ্বুদ্ধ করছি। কারণ, আওয়ামী লীগ জনগণের দল। জনগণই সংকট কাটাতে সহায়তা করবে।’