সিলেটে ফজলে হাসান আবেদকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে সিলেটে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। ফজলে হাসান আবেদ সংবর্ধনা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন আয়োজক পর্ষদের আহ্বায়ক যেহীন আহমদ। ফজলে হাসান আবেদের জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জিয়াউদ্দিন আহমদ। পরে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতারা সংবর্ধিত ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তৃতার সময় ফজলে হাসান আবেদ আয়োজক ও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও ব্যারিস্টার ভিকারুল ইসলাম চৌধুরীকেও সমঞ্চাননা জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে একজন শ্রেষ্ঠ সংগঠন-প্রতিষ্ঠাতা হিসেবে ফজলে হাসান আবেদের সুনাম সুবিদিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ও সামাজিক বিকাশ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য নিরসনসহ মানব উন্নয়নে রয়েছে তাঁর ব্যাপক অবদান। এমন একজন গুণী ব্যক্তিকে সংবর্ধিত করার মাধ্যমে আমরা গুণবান্ধব সমাজ নির্মাণের উদ্যোগ প্রণোদিত করতে চাই।’ আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সিলেট অঞ্চলের লোকগান পরিবেশন করেন প্রবীণ সংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ। পরে সিলেট ও কমলগঞ্জ এলাকার মণিপুরি সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।