সিলেটে ফল ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ব্যবসায়ী জি এম ওমর খালেদ সুমন (৩৮) হত্যাকাণ্ডের এক দিন পার না হতেই এবার আবুল কালাম (৫৫) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় নগরের দক্ষিণ সুরমার মোমিনখলার ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।কালামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাতি গ্রামে।পুলিশ ও প্রতিবেশীরা জানান, মোমিনখলা এলাকার একটি পেট্রলপাম্পের পাশে আবদুল ওয়াহিদের বাসায় একা ভাড়া থাকতেন আবুল কালাম। শুক্রবার রাত ১১টায় তিনি বাসায় আসেন। পরে তাঁকে ঘর থেকে বের হতে দেখেনি লোকজন। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরে তালা থাকায় তাদের সন্দেহ হয়। সন্ধ্যার পর বাড়ির মালিক পুলিশে খবর দেন। দক্ষিণ সুরমা ফাঁড়ির একদল পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে কালামের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।বাড়ির মালিক আবদুল ওয়াহিদ সাংবাদিকদের জানান, এক বছর ধরে কালাম তাঁর বাসায় ভাড়া থাকতেন। দক্ষিণ সুরমার ফলবাজারে মৌসুমি ফলের ব্যবসা করতেন তিনি। প্রায়ই তাঁর স্ত্রী ও সন্তানেরা এসে তাঁকে দেখে যেতেন। কী কারণে এবং কারা তাঁকে খুন করল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।কালামের স্ত্রী রাজিয়া বেগম জানান, তিনি খবর পেয়ে গতকাল বিকেলে সিলেটে এসে পৌঁছান। সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত জানান, নিহত কালামের মাথায় ও বুকে এলোপাতাড়ি কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।