সিলেটে ফুটপাত দখলমুক্ত রাখতে স্টিলের বেষ্টনী
পাল্টে যাচ্ছে সিলেট নগরের ফুটপাতের চেহারা। অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করে সেখানে চলছে স্টিলের বেষ্টনী বসানোর কাজ। এরপর ফুটপাতের রাস্তা অত্যাধুনিক পদ্ধতিতে মোজাইক করে হাঁটার জন্য দৃষ্টিনন্দন পথ তৈরি করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরের যানজটও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের বেদখল হওয়া ফুটপাত উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান চালাতে থাকেন। মেয়রের কঠোর হস্তক্ষেপে ফুটপাত অবৈধ দখলমুক্ত হয়। এরপর খুদে ব্যবসায়ীরা যাতে আবার ফুটপাত দখল না নিতে পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতগুলোতে স্টিলের বেষ্টনী দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। ইতিমধ্যে নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ঘেঁষা ফুটপাতের সম্মুখভাগ, প্রধান ডাকঘরঘেঁষা ফুটপাত এবং নগরের ভবনের সামনের ফুটপাতে স্টিলের বেষ্টনী বসানোর কাজ শেষ হয়েছে। অন্তত ৩০০ মিটার এলাকায় এ বেষ্টনী বসানো হয়েছে। নগরের প্রায় দুই কিলোমিটার ফুটপাতজুড়ে এ ধরনের স্টিলের বেষ্টনী বসানোর পরিকল্পনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের রয়েছে।
২০০১ সাল থেকে ব্যাপকভাবে নগরের ফুটপাতগুলো বেদখল হতে থাকে। আগে ফুটপাত দিয়ে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন। তবে বেদখল হওয়ার পর থেকে মানুষ ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না পেয়ে রাস্তা ধরেই হেঁটে চলতেন। এতে করে যানবাহন ও মানুষের মাত্রাতিরিক্ত চাপে গুরুত্বপূর্ণ সড়কগুলো ভয়াবহ যানজটের সৃষ্টি হতো। অতি সম্প্রতি ফুটপাতগুলো থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ হওয়ায় সাধারণ মানুষের চলাচলের পথ সুগম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় পথচারীরা স্বচ্ছন্দে পথ চলাচল করছেন। তবে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, পোস্ট অফিসের সামনের সড়ক, জেলরোড সড়ক, আম্বরখানা, পাঠানটোলাসহ বেশ কিছু স্থানের ফুটপাত আবার অবৈধ দখলকারীরা পসরা সাজিয়ে দিব্যি ব্যবসা-বাণিজ্য করছেন।
ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করে নগরবাসীর হাঁটার পথকে দৃষ্টিনন্দন করা অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘অবস্থা এমন হয়েছে যে, ফুটপাত যে নাগরিকদের হাঁটাচলার, এ বিষয়টি পর্যন্ত ভোলার উপক্রম হয়েছে। আমি ফুটপাতকে আক্ষরিক অর্থেই ব্যবহার করব। এতে আমি নাগরিকদেরও মতামত নিয়ে এগোব।’