সিলেটে ফের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের ওপর হামলার চার দিনের মাথায় এবার সিলেটের মদনমোহন কলেজ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার রাতে নগরের মধুশহীদ এলাকায় ছাত্রশিবির এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাসেল আহমদকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মদনমোহন কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র রাসেল আহমদ রাত ১১টার দিকে লামাবাজার এলাকায় পূজা দেখে থেকে তিন বন্ধুকে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে মধুশহীদ এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এসে তাঁদের ধাওয়া করে। তারা রাসেলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।
রাসেলের এক বন্ধু অভিযোগ করেন, হামলাকারী ছয়জনের মধ্যে দুজন মুখোশ পরা ছিল। তারাই রামদা দিয়ে রাসেলকে এলোপাতাড়িভাবে কুপিয়েছে। হামলাকারীরা মদনমোহন কলেজ শিবিরের নেতা-কর্মী বলে তিনি শনাক্ত করতে পেরেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মনির হোসেন জানান, রাসেলের শরীরে একাধিক কোপের আঘাত রয়েছে। এর মধ্যে মাথায় ও পেটের আঘাত বেশি। তিনি বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের সুবিদবাজার এলাকায় ছাত্রলীগ নেতা অঞ্জন রায়কে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় শিবির।