সিলেটে ফের পরিবহন ধর্মঘট, পরে প্রত্যাহার
সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কারসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগের চার জেলায় ফের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় পরিবহন শ্রমিক-মালিক সমিতি।
এর আগে সিলেট জেলা পরিবহন শ্রমিক-মালিক সমিতি একই দাবিতে গত ১৯ অক্টোবর জেলায় এক দফা পরিবহন ধর্মঘট ডেকেছিল। জেলা প্রশাসন থেকে কয়েক সপ্তাহের মধ্যে সাত দফা দাবি আদায়ের আশ্বাস পেয়ে এক দিন পর ধর্মঘট স্থগিত করা হয়েছিল।
পরিবহন সংগঠনের নেতারা জানান, দাবি পূরণের কোনো আশ্বাস না মেলায় গতকাল থেকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করতে তাঁরা বাধ্য হন। সিলেটের কেন্দ্রীয় বাসটার্মিনাল কদমতলী ও কুমারগাঁও বাসস্টেশন থেকে গতকাল কোনো বাস ছাড়েনি। তবে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। দূরপাল্লার যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।