সিলেটে বকেয়া কর আদায়ে মাঠে নেমে কর্তৃপক্ষের তাগাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনে বকেয়া স্থাপনার করের (হোল্ডিং ট্যাক্স) পরিমাণ প্রায় ৫৪ কোটি টাকা। এ টাকা আদায়ে তাগাদা দিতে মাঠে নেমেছে সিটি করপোরেশনের একটি দল। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দলটি ১, ৯ ও ২৩ নম্বর ওয়ার্ডে গিয়ে বকেয়া কর আদায়ে তাগাদা দিয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে বকেয়া আদায়ের এই অভিযানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, নির্বাহী হাকিম ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শরীফুজ্জামানসহ কর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর আদায়ে তাগাদা দিতে গিয়ে গতকাল উত্তর বাগবাড়ীর মদীনা টাওয়ার (বকেয়া ১৬ লাখ টাকা), স্কলার্সহোম পাঠানটুলা শাখা (৯ লাখ ৩২ হাজার টাকা), আম্বরখানার করিমা ম্যানশন (৫ লাখ ৫২ হাজার টাকা) এবং একই এলাকার জান্স কমিউনিটি সেন্টারকে (৫ লাখ টাকা) তিন দিনের মধ্যে বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ ছাড়া সোবহানীঘাট এলাকার আঙ্গুরা টাওয়ার তাদের ৯ লাখ টাকা বকেয়া আজ বুধবার অফিস চলাকালীন পরিশোধ করার অঙ্গীকার করেছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, একাধিক নোটিশ দেওয়ার পরও যাঁরা এখনো হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি, তাঁদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।