সিলেটে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সিলেটের ওসমানীনগরে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জুবের মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া একটি গরুও মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ওসমানীনগর উপজেলার মোক্তরপুর হাওরে এ ঘটনা ঘটে।
জুবের মিয়া ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের রেজওয়াল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকের হাওরে গরু আনতে যায় জুবের মিয়া। এ সময় তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে জুবের মিয়া বজ্রপাতে হাওরে মারা যায়। ঘটনার সময় হাওরে থাকা আলতাফ মিয়া (৪০) নামের এক ব্যক্তি আহত হন। এ ছাড়া বজ্রপাতে একটি গরু মারা যায়। আহত আলতাফ মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, হাওরে গরু আনতে গিয়ে এক কিশোরের মৃত্যু ও একজন আহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা যায়। জুবের মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।