সিলেটে বন বিভাগের নার্সারি উচ্ছেদ করে হবে মাছবাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শেখঘাটে বন বিভাগের নার্সারির জন্য সংরক্ষিত ৭০ শতক জায়গায় অস্থায়ী মাছবাজার করতে সড়ক ও জনপথ বিভাগ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে গতকাল সোমবার দখলে নিয়েছে। অনুমতি পাওয়ার আগেই নার্সারি এলাকায় লাল পতাকা সাঁটিয়ে সংরক্ষিত সীমানাপ্রাচীরও ভাঙচুর করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) সিলেটের প্রকৌশলীর দপ্তর থেকে সম্প্রতি বন বিভাগকে একটি পত্র মারফত জানায় যে শেখঘাট পার্শ্ববর্তী কাজীরবাজার এলাকায় সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ করতে কাজীরবাজার মৎস্য আড়তসহ মাছের বাজার স্থানান্তর প্রয়োজন। এ অবস্থায় পার্শ্ববর্তী শেখঘাট এলাকায় বন বিভাগের নার্সারি হিসেবে ব্যবহূত ৭০ শতক সংরক্ষিত জায়গা ছয় মাসের জন্য মাছবাজার করার অনুমতি চাওয়া হয়। সওজের ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।কিন্তু এ ব্যাপারে কোনো অনুমতি সিলেট বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে না আসায় গতকাল সকালে সওজের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সওজের একটি প্রকৌশলী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বন বিভাগের জায়গা দখলে নেয়। নার্সারি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বন বিভাগের একটি সূত্র জানায়, বিভাগীয় বন কর্মকর্তার তত্ত্বাবধানে শেখঘাটের ৭০ শতক জায়গার বর্তমান বাজারদর প্রায় ২০০ কোটি টাকা।নার্সারিতে চারা রয়েছে প্রায় দেড় লাখ। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতা মিসবাহউদ্দিন সিরাজ ও সওজের কর্মকর্তাদের উপস্থিতিতে একদল শ্রমিক নার্সারির জন্য সংরক্ষিত সীমানাপ্রাচীরের রাস্তার অংশ ভেঙে ফেলে।সরেজমিনে দেখা গেছে, নার্সারির সমঞ্চুখভাগের ৬০ ফুট প্রাচীর ভাঙা। নার্সারিতে মোট দেড় লক্ষাধিক রোপণযোগ্য চারার মধ্যে আগর ও ফলদ ছাড়াগুলো ভ্যানে করে নেওয়া হচ্ছে। চারা নেওয়ার কাজে নিয়োজিত একজন ভ্যানচালককে জানান, আওয়ামী লীগ ও সওজ নেতারা এখানে এসে চারাগুলো নিয়ে রোপণ করার নির্দেশ দেওয়ায় এলাকার অনেক মানুষ নিচ্ছে। তিনিও এ নির্দেশে নিচ্ছেন বলে জানান।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বাশার মিয়া বলেন, ‘নার্সারির জায়গায় অস্থায়ী মাছবাজার করার জন্য সওজ আমাদের কাছে একটি অনুমতি চেয়ে চিঠি দেয়। আমরা চিঠিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছি। নিয়ম মতো সরকারি সম্পত্তি অন্য কোনো সরকারি দপ্তর স্থায়ী বা অস্থায়ীভাবে ব্যবহারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। কিন্তু বিষয়টি প্রক্রিয়াধীন থাকার মধ্যে সওজ এভাবে নার্সারি দখলে নেওয়ার তৎপরতা চালানোয় আমরা এখন অসহায় বোধ করছি।’সওজের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিমের সঙ্গে যোগাযোগ করলে কাজীরবাজার সেতুর নির্মাণকাজ সম্পন্নের স্বার্থে বন বিভাগের ওই জায়গা ছয় মাসের জন্য নেওয়ার প্রস্তাব একটি চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। সওজের জায়গা দখলে নেওয়ার সময় তাঁর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিকান্দর আলী জানান, মিসবাহউদ্দিন সিরাজ উপস্থিত হয়ে এ জায়গা অস্থায়ীভাবে ব্যবহারে অর্থমন্ত্রীর একটি ডিও লেটার দেওয়ার বিষয়টি উপস্থিত জনসাধারণকে অবহিত করেন। এরপর সীমানাপ্রাচীর ভাঙা হয়। পরে তিনি চলে যান। ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘সরকারের জায়গা দখলে নেবে—সরকারি দলের লোক ছাড়া! এত সাহস কে দেখাবে?’