সিলেটে বননির্ভর জীবিকা ও বিরল প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বন বিভাগের অধীনে ১ লাখ ৬২ হাজার ১১৮ একর বনাঞ্চল রয়েছে, যা ১২টি রেঞ্জ ও ৪৭টি বিটে ভাগ করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় ছয়টি, হবিগঞ্জে তিন, সিলেটে দুই ও সুনামগঞ্জে একটি রেঞ্জ রয়েছে। এসব বন সংকুচিত হচ্ছে। এ কারণে এই অঞ্চলের বননির্ভর জনগোষ্ঠী যেমন জীবিকা হারাচ্ছে, তেমনি বিরল প্রজাতির বন্য প্রাণীও হারিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার বিকেলে ‘রাতারগুল জলারবন ও সিলেট বিভাগের অন্যান্য বন বিষয়ে সুশীল সমাজের উদ্যোগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে এই সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাপা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাশেদা কে চৌধূরী, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। সঞ্চালনা করেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল।
রাশেদা কে চৌধূরী তাঁর বক্তৃতায় বলেন, ‘বাইরের দেশে বনাঞ্চলে ঢোকার আগে কিংবা পরে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, কিন্তু আমাদের দেশে সেটা নেই। মানুষ যেভাবে ধ্বংস করতে পারে, তেমনি সংরক্ষণও করতে পারে। তবে বন বিভাগকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে বৃক্ষ সংরক্ষণ নিয়ে কোনো আইন নেই। ফলে প্রকাশ্যে গাছপালা কেটে ফেললেও আমরা আদালতে যেতে পারি না। বাংলাদেশে ৩০ বছর আগের আর পরের বনের অবস্থা কেমন, সেটা বেলা ও বাপা যৌথভাবে যাচাই করে দেখবে।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সিলেটের বনের অব্যবস্থাপনা নিরসনে বৃহত্তর গণ-আন্দোলন ও সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন।
পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার জানান, সিলেটের হাওর, জলাভূমি, ঝোপজঙ্গলগুলো একসময় পাখিদের অভয়ারণ্য ছিল। এখনো এই অঞ্চলে অনেক বিরল প্রজাতির পাখির সন্ধান মেলে। তবে এ সংখ্যা ক্রমশই কমে আসছে। বাংলাদেশে একসময় অহরহ দেখা যেত—এ রকম ২০ প্রজাতির পাখি সাম্প্রতিক সময়ে বিপন্ন হয়ে পড়েছে। একসময় সিলেটে লাল মুনিয়া পাখি খুব দেখা গেলেও এখন সেটি একেবারেই চোখে পড়ে না।
পরিবেশকর্মী আবদুল করিম কিম বলেন, সিলেটের ভূ-প্রাকৃতিক পরিবেশের প্রধান বৈশিষ্ট্য এখানকার ছোট-বড় টিলা-পাহাড়, বিস্তীর্ণ হাওর ও জলাভূমি, সুরমা-কুশিয়ারাসহ শতাধিক ছোট-বড় নদী এবং বিভাগের সর্বত্র নিবিড় বনাঞ্চল। সাম্প্রতিক সময়ে সিলেটের ভূ-প্রকৃতিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।