সিলেটে বন্যা-পরিস্থিতির অবনতি
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কোম্পানীগঞ্জ ও সিলেট নগরে। বন্যার কারণে সিলেট-গোয়াইনঘাট, সিলেট-কানাইঘাট সড়ক যোগাযোগ গতকালও স্বাভাবিক হয়নি। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি তিন দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি ডুবে যাওয়ায় পাথর তোলা বন্ধ রয়েছে। ফলে বেকার হয়ে পড়েছেন হাজারো পাথরশ্রমিক।জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাব্বির আহমদ জানান, উপজেলার বক্ষিপুর, সহিদাবাদ, বীরশ্রী এলাকায় বন্যার সঙ্গে কুশিয়ারা নদীর ভাঙন স্থানীয় লোকজনকে দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে। সিলেট পাউবোর উপসহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, গতকাল বিকেলে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৫৫ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ২০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফুিকল ইসলাম জানান, বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বন্যার পানি কমেছে। অপরিবর্তিত রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলায়। অবনতি হয়েছে বিয়ানীবাজার ও জকিগঞ্জে। তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় ৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত ব্যক্তিদের জন্য ৩১৬ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়েছে। সিলেট নগরের ১৫টি মহল্লায় বন্যা-পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত ব্যক্তিদের জন্য সিলেট সিটি করপোরেশন সাতটি আশ্রয়কেন্দ্র খুলেছে। দুর্গত মানুষকে সহযোগিতার জন্য সিটি করপোরেশনের উদ্যোগে বন্যানিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বিয়ানীবাজার (সিলেট): সুরমা ও সোনাই নদীতে পানি বাড়তে থাকায় আলীনগর ও মুড়িয়া ইউনিয়নে নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তেরাদল এলাকায় পানির তোড়ে রাশেদুর রহমান (১৪) নামের এক কিশোর ভেসে গেছে। সিলেট থেকে ডুবুরি এসে অনুসন্ধান চালিয়েও গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তার খোঁজ মেলেনি। পানির তোড়ে আঙ্গার জর এলাকায় সিলেট-বিয়ানীবাজার সড়কের কিছু কিছু অংশ ভেঙে গেছে। তবে গতকাল কুশিয়ারা নদীর শেওলা এলাকায় পানি কিছুটা কমেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শেওলা শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি হ্রাস পেয়েছে। শেওলা পয়েন্টে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুদিন থেকে সিলেটের সঙ্গে এ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহামঞ্চদ জানান, উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও দুটি উচ্চবিদ্যালয়ে পানি উঠে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। বিয়ানীবাজারের ইউএনও সুব্রত কুমার দে জানান, দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন ৩০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ফেঞ্চুগঞ্জ (সিলেট): গতকাল ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যায় এ উপজেলার আটটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফেঞ্চুগঞ্জের ইউএনও লুৎফর রহমান জানান, বন্যাদুর্গত লোকজনের সহায়তায় ২৬টি আশ্রয়কেন্দ্র ও একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।