সিলেটে বন্যা শুরু, উত্তরাঞ্চলে আসছে
সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় দেশের পূর্বাঞ্চলে সিলেট বিভাগে বন্যা শুরু হয়ে গেছে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরের জনপদেও আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা শুরু হতে পারে। সব মিলিয়ে চলতি মাসে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পয়েন্টের পানি হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাতে দেখা গেছে, গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত করেছে।
চলতি জুলাই মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের শুরুতে সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় ভারী বর্ষণ হতে পারে। মাসের শেষের দিকে উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যা হতে পারে। এতে কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল ওই বন্যায় প্লাবিত হতে পারে।
এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বাঞ্চলের নদীগুলোতে উজান থেকে আসা পানি ও বৃষ্টিপাত একসঙ্গে বেড়ে গেছে। এ ছাড়া তিস্তা অববাহিকায় গতকাল বন্যার পানি একবার বিপৎসীমা অতিক্রম করেছিল, বিকেলের দিকে তা আবারও নিচে নেমে যায়। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার পানি প্রতিদিন ১০ থেকে ১৫ সেন্টিমিটার করে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার কিছু কিছু স্থানে বন্যা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।