সিলেটে বরখাস্ত করা ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
সিলেট কোতোয়ালি থানার সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন জোৎস্না বেগম নামের এক ব্যবসায়ী নারী। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করা হয়। মামলায় মোহাম্মাদ আলী ছাড়াও কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদীপ্ত রায় এবং শামীমা কালাম ও আহাদ নামের অপর দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালত শুনানি শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে সিলেটে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন।জোৎস্না বেগম মামলার আরজিতে উল্লেখ করেন, তিনি জিন্দাবাজার এলাকার ‘ব্লু-ওয়াটার’ বিপণিবিতানের মালিক। কিছু দিন আগে শামীমা কালাম নামের এক ব্যক্তি ব্যবসায়িক সূত্রে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন। সম্প্রতি তিনি টাকা ফেরত চাইলে শামীমা কালাম ওসি মোহাম্মাদ আলীর সহায়তা নিয়ে তা ফেরত না দেওয়ার চেষ্টা চালান। জোৎস্না বেগমের অভিযোগ, ১৫ মে সন্ধ্যায় পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এ সময় ভয়ভীতি দেখিয়ে একটি অঙ্গীকারনামায় তাঁর স্বাক্ষর নেওয়া হয়। বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওসি মোহাম্মাদ আলী ও এএসআই সুদীপ্ত তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেন।জোৎস্না বেগম জানান, ১৬ মে মোহাম্মাদ আলী সাময়িক বরখাস্ত হওয়ায় তিনি এ মামলা করার সাহস পেয়েছেন। জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমান জানান, জোৎস্না বেগমের মামলার বিষয়ে তিনি অবহিত নন। মামলার কোনো কাগজপত্র থানায় পৌঁছায়নি।