সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুলে পুনর্মিলনী
সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষে নগরের আখালিয়া এলাকায় গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়। সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় ছিল উৎসব-স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার লে. কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক। বিশেষ বক্তার বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম। তিনি বলেন, লক্ষ্য ঠিক রাখলে যেকোনো কঠিন কাজও সহজে করা যায়। তরুণেরা ইচ্ছা করলেই দেশটাকে ইতিবাচকভাবে বদলে দিতে পারেন। কেবল নিজের ভেতরের ইচ্ছেটাকে সব সময় বাঁচিয়ে রাখতে হবে।