সিলেটে বাঁধভাঙা আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অঙিনায় সারিবদ্ধ দাঁড়ানো গাছগুলোর সবুজ কচি পাতা বাতাসে দোল খাচ্ছে। আঙিনাজুড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী-অভিভাবকের অপেক্ষমাণ উদগ্রীব মুখ। ঘড়ির কাঁটায় তখন দুপুর দুইটা। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বেগম হোসনে আরা হ্যান্ডমাইক নিয়ে এগিয়ে আসেন। অবশেষে এল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এবার ২১২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন।’ শুরু হয় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে কেউ একজন বিদ্যালয়ের নোটিশ বোর্ডের পাশে একটি সাদা কাগজে ‘আমরা অপ্রতিরোধ্য’ বাক্যটি লিখে সাঁটিয়ে দিয়েছে। সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে প্রতিবারই বোর্ডসেরার তালিকায় স্থান করে নিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। এবারের ঘোষিত ফলাফলে বিদ্যালয়টি বোর্ডসেরা ২০টি প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই ‘অপ্রতিরোধ্য’ শব্দটি এই বিদ্যালয়ের ক্ষেত্রে মানিয়েও যায় বেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশের কোনো কমতি ছিল না। গান, লাফালাফি, জড়াজড়ি, মুঠোফোনে অভিনন্দন, কত কী! এক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে হাতের মুঠোফোনে ফেসবুকে ঢুকে পড়ে কমেন্টস লিখে ফেলে, ‘আমিসহ ২১২ জন সহপাঠী জিপিএ-৫। বোর্ডসেরা তালিকায় আমরা দ্বিতীয়। কী মজা!!!’ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক লুৎফুন্নেসা লিলি বলেন, ‘প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। বরাবরের মতো এবারও তা-ই হওয়ায় আনন্দ তো হচ্ছেই।’ভালো ফলাফলের আনন্দ ছড়িয়ে ছিল সিলেটের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে। সেরা তালিকায় প্রথম স্থান অর্জনকারী সিলেট ক্যাডেট কলেজ, তৃতীয় স্থান অর্জনকারী সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, চতুর্থ স্থান লাভকারী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ স্থান লাভকারী সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যাল, অষ্টম স্থান অর্জনকারী জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলসহ নগরের নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলের সঙ্গে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গর্বিত বলে জানিয়েছে।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে আনিস ইবনে সাঈদ। তার ভাষ্য, ‘বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করব।’ জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে নির্ঝর ধর অর্ঘ। সেও ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করতে চায়।