সিলেটে বাংলো ভাঙা নিয়ে দুই পক্ষে বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় ৪০ বছরের প্রাচীন একটি বাংলো ভাঙা নিয়ে গতকাল রোববার দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক পক্ষ বাংলোটি ভেঙে সেখানে নতুন ঘর তৈরির চেষ্টা করলে অন্য পক্ষের লোকজন বাধা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলো ভাঙার কাজ বন্ধ করে দেয়। জানা গেছে, কাঠ ও টিনের তৈরি ওই বাংলোটি খ্রিষ্টান মিশনের ‘সিলেট প্রেসবিটারিয়ান সিনড ট্রাস্ট বোর্ড’ তদারক করে। সেখানে ট্রাস্টের সাবেক কর্মকর্তা শশধর দ্রং বাস করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ট্রাস্টের সদস্য হিরু সেন্ড্রিস ও লোকাল চার্চ সেক্রেটারি উইলসন গ্রে কয়েকজন শ্রমিক নিয়ে বাংলোটি ভাঙার চেষ্টা করলে মিশনের যুব সমিতির সদস্যরা বাধা দেন। তাঁরা জানিয়ে দেন, কোনো অবস্থায় ঐতিহ্যবাহী বাংলোটি ভাঙতে দেওয়া হবে না। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লোকমান আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করার পরামর্শ দেয়।শশধর দ্রং জানান, বাংলোটি ভাঙার ব্যাপারে আগে থেকে কেউ তাঁকে কিছু জানায়নি। সকালে হঠাৎ শ্রমিকেরা এসে ঘর থেকে তাঁর আসবাব বের করে দেয়। তিনি বলেন, ‘ট্রাস্টের পক্ষ থেকে আমাকে একটি প্লট দেওয়ার পর বাংলো ছাড়ার কথা।’ উইলসন গ্রে বলেন, ‘উন্নয়নকাজের জন্য বাংলোটি ভাঙা হচ্ছিল। আসবাব অন্য ঘরে সরিয়ে রাখার জন্য আগেই সাবেক ওই কর্মকর্তাকে বলা হয়।’