যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন মামলার বাদী মুহিবুর রহমান। গতকাল রোববার ওই আবেদনের ওপর শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারক বাদীকে ১৫ দিনের সময় দেন। মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছিল।
২০০৪ সালের ২৭ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে ডাক বিভাগে কর্মরত আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ওয়াহিদের ভাই মুহিবুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিক উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। জায়গাজমির বিরোধ নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে।
গতকাল সিলেটের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্র আর মামলাটি পরিচালনা করতে চাইছে না। তিনি বাদীর আপত্তি খারিজ করার আরজি পেশ করেন। অন্যদিকে বাদীর আইনজীবী বলেন, মামলাটি নিষ্পত্তি না করতে উচ্চ আদালতে একটি দরখাস্ত দাখিল করা হয়েছে। ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে তিনি সময় প্রার্থনা করেন। আদালত ১৫ দিনের সময় মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী সুহেল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৫ দিনের মধ্যে উচ্চ আদালতে দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত এলে আদালত তা অনুসরণ করবেন। নতুবা ১৫ দিন পর মামলাটি প্রত্যাহার করা হবে।’