সিলেটে বাপা নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরীর নেতৃত্বে এক দশক ধরে পরিবেশ আন্দোলন চলছে। মূলত পরিবেশ আন্দোলন থামাতেই ফেসবুকে মিথ্যা অভিযোগ রটিয়ে আবদুল করিম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করলে পরিবেশ শত্রুও নির্মূল হবে।

গতকাল সোমবার বিকেলে সিলেটের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আবদুল করিমের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের গ্রেপ্তারের দাবিতে এসব কথা বলেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১৪ ডিসেম্বর রাতে ফেসবুকে ‘আবদুল করিম কিম’ নামের একটি অ্যাকাউন্টে অপপ্রচার দেখে পুলিশের একটি দল আবদুল করিম চৌধুরীকে নিরাপত্তা হেফাজতে নেয়। ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় পরদিন মহানগরের বিমানবন্দর থানায় আবদুল করিম চৌধুরী বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলার ১৮ দিন পরও এই ঘটনায় জড়িত ব্যক্তিরা শনাক্ত না হওয়ায় ২৮ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক ঘণ্টা চলা মানববন্ধনে সিলেটের পরিবেশবাদী, সাংস্কৃতিক, সামাজিক, ক্ষুদ্র জাতিসত্তা, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকেরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সংহতি সমাবেশ থেকে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

সিলেটের সাংস্কৃতিক সংগঠক শামছুল বাসিত শেরোর সভাপতিত্বে সমাবেশে সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ, নারীনেত্রী হাসিনা মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে একজন কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে এবং অপরাধ খতিয়ে দেখছে।