সিলেটে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম
সিলেট নগরের হাওলাদারপাড়া এলাকায় শ্যামাপূজা মণ্ডপে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। হামলাকারীরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জগদীশ দাশের সমর্থিত কর্মী বলে হামলার শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হামলার শিকার পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটায় নগরের হাওলাদারপাড়া এলাকার মজুমদারবাড়ি সংলগ্ন মাঠে শ্যামাপূজা দেখতে যান ওই এলাকার পাপ্পু দাশ (২০)। এ সময় পূর্ববিরোধের জের ধরে একই এলাকার রিংকু দাশের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রিংকুর নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল তরুণ পাপ্পুকে শারীরিকভাবে আঘাত করেন। খবর পেয়ে ৩০ মিনিট পর পাপ্পুর বাবা বাবুল চন্দ্র দাশ (৫০) ঘটনাস্থলে হাজির হন। তাঁর সঙ্গেও রিংকুদের তর্ক হয়। একপর্যায়ে রিংকুর নেতৃত্বে একদল তরুণ বাবা-ছেলেকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাবুল চন্দ্র দাশের স্ত্রী দীপ্তি দাশ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জগদীশ দাশের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর শুনে আমার স্বামী যে মাইক্রোবাসটি নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন, সেটিও সন্ত্রাসীরা ভাঙচুর করেছে। এমনকি তারা মুঠোফোন ও টাকাপয়সাও ছিনিয়ে নিয়ে গেছে।’ এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। যে পক্ষ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে, তাদের কেউ আমার কর্মী নন। বরং হামলার শিকার যাঁরা হয়েছেন, তাঁরাই আমার আত্মীয়। উভয়পক্ষই আমার ওয়ার্ডের বাসিন্দা। তাই এলাকার মুরব্বিদের নিয়ে ঘটনার রাতেই ছুটে গিয়েছি।’