সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত
সিলেটের ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি নামক স্থানে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালককে ধরে পুলিশে দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তেতলির পেট্রলপাম্পের সামনে হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস ও সিলেট থেকে বিশ্বনাথ অভিমুখী ওই অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক সিলেটের বিশ্বনাথের কুতুবপুর গ্রামের রওশন আলী (২৫), অটোরিকশার যাত্রী দক্ষিণ সুরমা বাগেরখলা গ্রামের জেবুল মিয়া (৪০) ও অজ্ঞাত যুবক (২৮) নিহত হন। দুর্ঘটনায় আহত হন পাঁচ বাসযাত্রী। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রওশন আলীসহ এক যাত্রী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে অপর ব্যক্তির মৃত্যু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত বলেন, চালক বেপরোয়াগতিতে বাসটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।